মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ
- তারিখ : ১০:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 18
মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের নির্দেশনায় উপজেলার যাত্রাপুর ও শ্রীকাইল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
অভিযানকালে নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা পরিচালনা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী জরিমানা করা হয়। এর মধ্যে যাত্রাপুর ইউনিয়নের চয়নিকা ব্রিকসকে ৩ লাখ টাকা, শ্রীকাইল ইউনিয়নের রয়েল ব্রিকসকে ২ লাখ টাকা এবং একই ইউনিয়নের প্রভা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া তিনটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, “পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”







