মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ
- তারিখ : ০৪:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 23
মাহবুব আলম আরিফ, মুরাদনগর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মুরাদনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরে আয়োজিত এক মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা এ সমর্থনের ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বক্তব্যে তিনি বলেন, “মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা আমার জন্য গর্ব ও সম্মানের। তাদের ত্যাগ ও আত্মদানেই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা অবিচলভাবে কাজ করে যাব। উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।”
সহকারী কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান, আবু তাহের, সিদ্দিক মাস্টারসহ তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই আদর্শকে সামনে রেখেই তারা আজও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তারা মনে করেন, কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের চেতনার স্পষ্ট প্রতিফলন রয়েছে।
তারা আরও বলেন, অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই পারে মুরাদনগরের উন্নয়নকে গতিশীল করতে। শান্তিপূর্ণ পরিবেশ ও টেকসই অগ্রগতির স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।






